কুমারঘাট ডেস্ক, ১১ অক্টোবর।।
রাজ্যে নেশা বিরোধী অভিযান জারি রয়েছে বলে পুলিশের দাবি।কিন্তু এর মাঝেও অব্যাহত নেশা কারবারের রমরমা।সম্প্রতি ফটিকরায় থানার রাধানগর এলাকার ২৮ নং আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন কৈলাশহর-কমলপুর বিকল্প জাতীয় সড়কে গোপন অভিযানের মাধ্যমে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস জওয়ানরা। পাথর বোঝাই একটি দশ চাকার লরি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
তবে এত বড় অভিযানেও লরির চালক পালিয়ে যাওয়ায় এবং পুলিশ পুরো ঘটনাটি সংবাদ মাধ্যম থেকে গোপন রাখায় স্থানীয় মহলে তীব্র রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসাম রাইফেলস জওয়ানরা মাদক উদ্ধারের পর ফটিকরায় থানার পুলিশ সেগুলি থানায় নিয়ে এলেও গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।পুলিশের এই নীরবতা এবং সংবাদ মাধ্যমকে অন্ধকারে রাখার পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে সম্পূর্ণ বিষয়টি তদন্তাধীন রয়েছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন।

