শুধু সময়ের অপেক্ষা। পুর ও নগর ভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। মঙ্গলবার সকাল সাতটা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সরকারি বাস ভবনে শুরু হয় বিজেপির কোর কমিটির বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য নেতৃত্ব।
এই বৈঠকে মূলত আসন্ন পুর ও নগর ভোটের প্রার্থী বাছাই ও এনডিএ জোটের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয় নি। মঙ্গলবার রাতেও বৈঠক হয়েছে দফায় দফায়। কিন্তু কোনো সমাধান সূত্র বের হয় নি। যদিও এদিন বৈঠক শেষে প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় জানিয়েছে, মঙ্গলবার রাত বা বুধবার সকালের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। এবং এনডিএ জোটের প্রধান শরিক তিপ্রামথার সঙ্গেও আলোচনা চূড়ান্ত হবে।
এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন বিধানসভায় টিকিট প্রত্যাশীরা ভিড় করে মণ্ডল অফিস গুলির সামনে। তবে টিকিট প্রত্যাশীদের কেউ কেউ তাদের ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। অভিযোগ অনুযায়ী, কিছু কিছু ক্ষেত্রে যোগ্য টিকিট প্রত্যাশীরা বাদের তালিকায় ঝুঁকছেন। এই সমস্ত ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার গন্ধ পাওয়া যাচ্ছে বলে খবর। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের টিকিট পাইয়ে দেওয়ার খেলা শুরু হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ঘুমে রেখেই নাকি কয়েকজন নেতা – মন্ত্রী মত্ত হয়ে উঠেছেন টাকার খেলায়। অভিযোগ কুশাভাউ ভবনের অন্দর মহলের। স্বাভাবিক ভাবেই টিকিট কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠছে বিজেপির সংসার। আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা ঘোষণা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *