ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।।
             ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ এসকফ’ র চালান।পার্সেলের মাধ্যমে কলকাতা থেকে এসকফ’ র চালান পৌঁছায় আগরতলার প্রধান ডাকঘরে। এসকফ গুলি মজুত ছিলো আটটি পার্সেল বক্সে। যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী।
       ওসির বক্তব্য অনুযায়ী, এদিন আগরতলা ডাকঘরের পার্সেল বিভাগ থেকে তাদের জানানো হয়, কলকাতা থেকে আগত পার্সেলের মধ্যে সন্দেহ জনক জিনিস রয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশ ডাকঘরে যায়। এবং পার্সেল বক্স খতিয়ে দেখে। তখনই পার্সেল বক্স থেকে বেরিয়ে আসে এসকফের বোতল। পুলিশ এই কফ সিরাপের বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডাকঘরের পার্সেল বিভাগের কর্মী দুর্গা দাশগুপ্ত এই সংক্রান্ত বিষয়ে পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে।
           রানা চ্যাটার্জী জানিয়েছেন, কলকাতা থেকে এই পার্সেল বুক করা হয়েছিলো আগরতলার কলেজটিলার জয়গুরু টেক্সটাইল নামে একটি দোকানের নামে। পার্সেলের উপর ছিলো ফোন নম্বরও। গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। তবে পুলিশ মাদক কারবারের মূল রাঘব বোয়ালদের টিকির নাগাল পাবে কিনা এটা বলবে সময়েই।
      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *