ডেস্ক রিপোর্টার, ১৫ নভেম্বর।।
       হাতে আর মাত্র কয়েক দিন। ঘনিয়ে আসছে পুর নির্বাচনের দিনক্ষণ। শেষ মুহূর্তের প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দলই। নিজ নিজ রণকৌশলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সব পক্ষ। এরই মাঝে রবিবাসরীয় প্রচারে কুমারঘাট পুরসভা এলাকায় এক জনসভার আয়োজন করে বিজেপি। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সহ-সভাপতি ভগবান দাস।রবিবার কুমারঘাট পুরসভা এলাকায় বিজেপির এই প্রচার সভায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান দাস জানান, বিজেপির হাতেই দেশ ও দশ সুরক্ষিত। অন্যদিকে, বিরোধী দলগুলোর ওপর মানুষের কোনো আস্থা নেই বলে তিনি দাবি করেন। তাঁর মতে, এই আস্থার কারণেই দেশের মানুষ বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ভরসা রাখছেন।
রাজ্যের বিরোধী দলগুলোর সমালোচনা করে ভগবান দাস আরও বলেন, মানুষের বিশ্বাস হারানোর কারণেই আসন্ন পুর নির্বাচনে রাজ্যের ৭৭টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে—অর্থাৎ বিরোধীরা ওই আসনগুলোতে প্রার্থীই খুঁজে পায়নি। কুমারঘাট পুরসভা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এখানে বিরোধীরা কোনোমতে প্রার্থী দিতে পারলেও তাদের পায়ের তলায় মাটি নেই এবং সবকটি আসনেই তাদের পরাজয় নিশ্চিত।
      উল্লেখ্য, বিগত কুমারঘাট পুরসভা নির্বাচনেও সবকটি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞদের একাংশের মতে, আসন্ন নির্বাচনেও কুমারঘাটে অনুরূপ ফলাফলেরই ইঙ্গিত মিলছে। তবে শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কার দখল থাকে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *