তেলিয়ামুড়া ডেস্ক,১৫ নভেম্বর।।
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী রাজ্যজুড়ে কঠোরভাবে কার্যকর রয়েছে নির্বাচনী আচরণবিধি। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকায় নির্বাচনী বিধি সুনিশ্চিত করতে এবার অত্যন্ত সক্রিয় ভূমিকায় নামল মহকুমা প্রশাসন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী,পৌর এলাকায় রাজনৈতিক দলের নেতৃত্ব,মন্ত্রী কিংবা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বের রাজনৈতিক, সরকারি ও ধর্মীয় প্রচারমূলক পোস্টার ও ব্যানার লাগিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিষয়ে পূর্বেই বিভিন্ন রাজনৈতিক দলকে সচেতন ও অবগত করা হলেও, কিছু এলাকায় নির্দেশ অমান্য করে পোস্টার ও ব্যানার রেখে দেওয়া হয়েছিল। ফলস্বরূপ, রবিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়।এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক অভিযানে নেতৃত্ব দেন তেলিয়ামুড়ার মহকুমা শাসক তথা তেলিয়ামুড়া পুরপরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী।এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার,ডিসিএম,জিনিয়াস দেববর্মা,
তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনী সহ নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।শুনুন তেলিয়ামুড়া পুরপরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর বক্তব্য।
এদিনের প্রশাসনিক অভিযানের মাধ্যমে তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকার বিভিন্ন স্থানে লাগানো নির্বাচনী আচরণবিধি পরিপন্থী ও অবৈধ পোস্টার-ব্যানার তৎক্ষণাৎ অপসারণ করা হয়। আসন্ন পৌরসভা নির্বাচনকে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনের এই সাঁড়াশি অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী বলে মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক ও সচেতন মহল।

