খোয়াই ডেস্ক, ২৭ নভেম্বর।।
খোয়াইয়ে ছাপ্পা ভোটের উৎসব – এই অভিযোগের ভিত্তিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালো সিপিআইএম। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস। তার অভিযোগ, ভোটের আগের রাতেই খোয়াইয়ে বহিরাগতদের জড়ো করেছে বিজেপি। তারা সিপিআইএমের প্রার্থী, পোলিং এজেন্ট সহ কর্মী – সমর্থকদের বাড়িঘরে যায়। এবং ভোটের দিন ভোট কেন্দ্রের না যাওয়ার নির্দেশ দেয়।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ভোটের দিন সকাল থেকে সিপিআইএম প্রার্থী ও পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়। প্রশাসনকে বিষয়টি জানিয়েও বিশেষ কোনো লাভ হয় নি। ভোটের দুপুরে বিজেপির লোকজন ভোট কেন্দ্র ঘেরাও করে সিপিআইএমের পোলিং এজেন্টদের বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। তাও আবার পুলিশের সামনে। সব মিলিয়ে এবারের পুর ভোটে হয়েছে ছাপ্পা ভোটের উৎসব। নির্মল বিশ্বাসের কথায়, গোটা খোয়াইয়ে ভোটের নামে হয়েছে প্রহসন। তাই তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।





