স্পোর্টস ডেস্ক,৩ মে।।
রাজ্যসেরা কিংশুক দেবনাথ। রবিবার ৫২ তম রাজ্য সিনিয়র রেটিং দাবা প্রতিযোগিতার শেষ তিন রাউন্ডের খেলা হয়। অষ্টম রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন কিংশুক এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। প্রথম বোর্ডে অভিনব নাথের মুখোমুখি হয়েছিল আরাধ্যা এবং দ্বিতীয় বোর্ডে উমাশঙ্কর দত্তের মুখোমুখি হয়েছিল কিংশুক। সকলের নজর ছিল প্রথম দুই বোর্ডে। প্রথম বোর্ডে চমক দেয় অভিনব নাথ। পরাজিত করে আরাধ্যাকে। আরাধ্যা পরাজিত হতেই রাজ্যসেরা হওয়ার সুযোগ চলে আসে কিংশুকের সামনে। ওই সুযোগ হাতছাড়া করেনি কিংশুক। প্রায় সাড়ে তিন ঘণ্টা ম্যারাথন লড়াই করে জয় ছিনিয়ে নেয়। এন এস আর সি সির দাবা হল ঘরে তিন দিনব্যাপী আসর শেষ হয়েছে রবিবার। অভিনব এবং কিংশুকের লড়াই সকলের মন জয় করে নেয়। সাড়ে সাত পয়েন্টে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রয়েছিল অভিনব নাথ এবং ম্যাট্রিক্স চেস একাডেমির মেহেকদ্বীপ গোপ। পরে ভোকলস পয়েন্টে মেহেকদীপ  দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে নেয় অভিনব। আসরের পরের সাতটি স্থান দখল করেন যথাক্রমে আরাধ্যা দাস, প্রাঞ্জল দেবনাথ, দীপক চৌহান, সৌভিক রায়চৌধুরী, উমাশঙ্কর দত্ত, বাপু দেববর্মা এবং শাক্য সিংহ মোদক।
এবছর রেকর্ড সংখ্যক ১৪৪ জন দাবাড়ু রাজ্য আসরে অংশ নেয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। জানা গেছে, রাজ্যদাবার বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *