ডেস্ক রিপোর্টার, ৭ এপ্রিল।।
ফের প্রশ্নের মুখে রাজ্যের ঊনকোটি জেলার নিরাপত্তা ব্যবস্থা। কৈলাসহর – ধর্মনগর রুটে দিন দুপুরে গাড়ি থেকে টাকা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা মঙ্গলবার দুপুরে। দুষ্কৃতীরা গাড়িতে থাকা লোকজনকে দা দিয়ে আঘাত করে। এবং শূন্যে দুই রাউন্ড গুলিও ছোড়ে।
উপস্থিত লোকজন জানিয়েছে,TR0-2L0457 নম্বরের ওয়াগনার গাড়িটিকে রাস্তায় আটক করে স্থানীয় দুষ্কৃতী আনিমুল সহ তার সঙ্গীরা। তারা গাড়িতে থাকা ১৫ লক্ষ টাকা নিয়ে যায়। মারধর করে গাড়ির লোকজনকে। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে আসলে, পরিস্থিতি বেগতিক দেখে আনিমুল তার কাছে থাকা পিস্তল থেকে দুই রাউন্ড গুলি ছোঁড়ে।
এই ঘটনার পর কৈলাসহর – ধর্মনগর রুটে চলাচলকারী গাড়ি গুলির চালকদের মধ্যে অজানা আতঙ্ক বিস্তার করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। থানায় রুজু হয় মামলা। কিন্তু এখনও পলাতক ছিনতাইকারী আনিমুল।
