স্পোর্টস ডেস্ক,৭ মে।।
       বালিকাদের পর বালকরাও। দ্বিতীয় স্থান পেয়েই এবছরও সন্তুষ্ট থাকতে হলো ত্রিপুরাকে। দ্বিতীয় বর্ষ পূর্বোত্তর লিটিল মাস্টার অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেটে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে স্বাগতিক ত্রিপুরাকে পরাজিত করে সেরার শিরোপা দখল করে সফররত আসাম। বৃহস্পতিবার এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আসাম অনেকটা একতরফা খেলে ১৫৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে স্বাগতিক ত্রিপুরাকে। দু- দলের মধ্যে মূলত পার্থক্য করে দেয় তানভীর ইসলাম। ত্রিপুরার বোলারদের কার্যত শাসন করে সফররত দলের ওপেনার তানভীর। এবং শতরান করে। ম্যাচে আসামের গড়া ২৮৬ রানের জবাবে ত্রিপুরা সর্বসাকুল্যে ১২৭ রান করতে সক্ষম হয়। ঘরের মাঠেও খেতাব জয় করতে ব্যর্থ নারায়ণ চন্দ্র দের ছেলে-‌রা। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ওপেনার তানভীর ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে আসাম নির্ধারিত ৪০ ওভারে পাহাড় সমান ২৮৬ রান করে ৬ উইকেট হারিয়ে। দলের পক্ষে তানভীর ৮২ বল খেলে এগারটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১২, বিনয় কৃষ্ণ দেবনাথ ৫৪ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪, কৌস্তুভ গগৈ ৩৬ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৬, আয়ুষ পান্ডে ১৩ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দিষান্ত দাস ১৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ষোল রান করে।  দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ত্রিপুরার পক্ষে উদয়ন পাল ৪৮ রানের দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে কার্যত চাপা পড়ে যায় ত্রিপুরা। স্কোর বোর্ড সচল রাখার থেকে উইকেটে টিকে থাকার উপরেই বেশি নজর দেয় ত্রিপুরার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার উদয়ন পাল ১০৯ বল খেলে আটটি বাউন্ডারির সাহায্যে ৫৩, অর্ণব দেববর্মা ২৯ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, শাহীন হোসেন ৪৮ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অভয় দেব সিং ২০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। আসামের পক্ষে প্রীয়ম কুন্ডু ৬ রানে, কুনাল বেজবারুয়া ২৭ রানে এবং আয়ুষ পান্ডে ৩১ রানে দুটি করে উইকেট দখল করে। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আই পি এলের গভর্ণিং কমিটির সদস্য খাইরুল জামাল মজুমদার সহ পূর্বোত্তরের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *