খোয়াই ডেস্ক,১৯ এপ্রিল।।
     তিপ্রামথার সমর্থকের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল খোয়াইয়ের বেহেলা বাড়ি। মথার কর্মীরা পর পর অবরোধ করে খোয়াই – কমলপুর ও খোয়াই – আগরতলা সড়ক। ঘটনা রবিবার দুপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মথার স্থানীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বও। তারাও দলীয় সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদে সরব হন। মথার কর্মীদের পথ অবরোধের ফলে সংশ্লিষ্ট রুটে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যা পোহাতে হয় নিত্য যাত্রীদের।
  আন্দোলনকারীরা জানিয়েছেন, স্থানীয় কচুবাড়ির বাসিন্দা তথা টিএমপি সমর্থক দীপঙ্কর দেববর্মাকে শনিবার রাতে গ্রেফতার  করে চম্পাহাওর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ১৭ এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর  কুচুবাড়ির বাসিন্দা তথা বিজেপি সমর্থক রাজকুমার দেববর্মার বাড়িতে ভাঙচুর চালায়। এবং বাড়িঘরে আগুন দেয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
    তিপ্রামথার আন্দোলনকারী তাঁদের দাবি, দীপঙ্কর দেববর্মাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। নিঃশর্তে তারা দীপঙ্করের মুক্তির দাবি জানায়।
অবরোধের খবর পেয়ে চম্পাহাওর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বহু চেষ্টা করেও আন্দোলনকারীদের পথ অবরোধ থেকে সরাতে পারে নি। তবে বিকাল নাগাদ পুনরায় বিধায়ক রঞ্জিত দেববর্মা ও পুলিশের মধ্যে আলোচনার পর মথার কর্মীরা তাদের আন্দোলন থেকে সরে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *