ডেস্ক রিপোর্টার,২৪ এপ্রিল।।
সাবধান। রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় গাড়ি ছিনতাইবাজ চক্র। এই চক্রের চার পান্ডাকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। ধৃতদের রিমান্ডের আবেদন করে শুক্রবার আদালতে সোপর্দ করে অনুসন্ধানকারী পুলিশ। আদালত পুলিশের আবেদনে সাড়া দিয়ে অভিযুক্তদের তিনদিনের রিমান্ডে নির্দেশ দিয়েছে।
পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, সম্প্রতি টাউন হল সংলগ্ন রাস্তা থেকে একটি গাড়ির মালিককে মারধর করে দুষ্কৃতীরা। এরপর তার মোবাইল সহ গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর গাড়ির মালিক পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার তদন্তে নেমে রাস্তায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখে। ক্যামেরার সচল ছবি এক ছিনতাইবাজকে গ্রেফতার করে। এই যুবককে জিজ্ঞাসাবাদের পর আরও চার যুবকের নাম সামনে আসে। পুলিশ তাদেরকেই গ্রেফতার করেছে। এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে জড়িত অন্যান্য কুশীলবদের নাম জানার চেষ্টা করছে অনুসন্ধানকারী পুলিশ।

