ডেস্ক রিপোর্টার, ২ মে।।
পাঁচ রাজ্যের ভোট শেষ হতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে বেড়ে গিয়েছে প্রায় হাজার টাকা। আশঙ্কা করা হচ্ছে আগামী ৪ মে পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশের পর সরাসরি আঘাত লাগবে গৃহস্থের উনুনে। অর্থাৎ বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে গোটা দেশে আন্দোলনে নেমেছে কংগ্রেস। রাজ্যেও ব্যতিক্রম নয়।
শুক্রবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাজধানীতে মিছিল ও সভা করা হয়েছে। এই সভায় কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী বলেন, ” অনৈতিক ভাবে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। তার ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।
কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী তথ্য দিয়ে বলেন, চলতি অর্থ বর্ষে রাজ্য সরকার ওএনজিসি থেকে র্যায়েলিটি পেয়েছে ১১৬ কোটি ৩২ লক্ষ ৯০ হাজার ৬৮২টাকা। রাজ্যে প্রচুর গ্যাস উৎপাদন হচ্ছে। তাহলে এই রাজ্যের মানুষকে খেসারত দিতে হবে কেন?
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, গ্যাসের মূল্য বৃদ্ধি ইস্যুতে আগামী দিনেও তারা ধারাবাহিক ভাবে আন্দোলন চালিয়ে যাবে। তবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অনুষ্ঠিত কংগ্রেসের এই মিছিলে কর্মী – সমর্থকদের উপস্থিতি নেহাত খারাপ ছিলো না।

