অবরোধ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন তেলিয়ামুড়ার সাংবাদিক হিরন্ময় রায় ও তাঁর সহযোগীরা। অভিযোগ, সত্যব্রত দাস নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাজে বাধা দেন এবং তাঁদের ওপর চড়াও হন। এই ঘটনায় সুব্রত দাস নামে এক স্থানীয় যুবকও আহত হয়েছেন ।
তেলিয়ামুড়া ডেস্ক ,১১ মে।
পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোমবার উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়ার চাকমাঘাট পূর্ব বাজার এলাকা। রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে এই গণ-অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
এদিন সকাল থেকেই চাকমাঘাট এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকায় পানীয় জল ও বিদ্যুতের সমস্যা থাকলেও প্রশাসনের হেলদোল নেই।
প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই অবরোধের ফলে জাতীয় সড়কের দু’পাশে কয়েকশ যানবাহন আটকে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডি.সি.এম হরিপদ সরকার, ডি.ডব্লিউ.এস দপ্তরের আধিকারিকরা সহ তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী থানার বিশাল পুলিশ বাহিনী।পরে প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে।এরপর অবরোধকারীরা রাস্তা প্রত্যাহার করে নেয়।

এদিন অবরোধ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন তেলিয়ামুড়ার সাংবাদিক হিরন্ময় রায় ও তাঁর সহযোগীরা। অভিযোগ, সত্যব্রত দাস নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাজে বাধা দেন এবং তাঁদের ওপর চড়াও হন। এই ঘটনায় সুব্রত দাস নামে এক স্থানীয় যুবকও আহত হয়েছেন বলে খবর।ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক হিরন্ময় রায় তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ এবং কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

