ডেস্ক রিপোর্টার,১২মে।।
আগরতলা শহরে মঙ্গলবার বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত নতুন শ্রমকোড বাতিলের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বামপন্থী কর্মী-সমর্থকরা আগরতলা শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি শেষ হয় শ্রম দপ্তরের সামনে।প্রতিবাদী শ্রমিকরা শ্রম দপ্তরের সামনেই নতুন শ্রমকোডের প্রতিলিপি বা কপি পুড়িয়ে তীব্র ক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, এই নতুন আইন শ্রমিকদের অধিকার খর্ব করে পুঁজিপতিদের সুবিধা করে দেবে।
তাছাড়া আন্দোলনকারীদের স্পষ্ট দাবি— শ্রমিক স্বার্থবিরোধী এই শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় বর্তমান কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার চরম সংকটে পড়বে।বামেদের মতে, এই শ্রমকোড কার্যকর হলে শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে অর্জিত অধিকারগুলো ধূলিসাৎ হয়ে যাবে।
এদিন বিক্ষোভ সমাবেশ থেকে বাম নেতারা হুঁশিয়ারি কেন্দ্রীয় সরকার যদি দ্রুত এই দাবি মেনে শ্রমকোড বাতিল না করে, তবে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বড় আকারের এবং কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।

