ডেস্ক রিপোর্টার, ১২ মে।।
দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার শক্তিশালী করতে এবং জাতীয় অর্থনীতিকে মজবুত করতে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।আর এই ইস্যুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই সাম্প্রতিক অবস্থান রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার ওপর ভিত্তি করে কংগ্রেস যে অভিযোগগুলো তুলেছে, তা মূলত একটি বৃহত্তর অর্থনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করে।
কংগ্রেসের অভিযোগ, সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার প্রধান কারণগুলো হলো জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন খরচ বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে নিত্যপণ্যের বাজারে।
অতিপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা জনস্বাস্থ্য ও পুষ্টির ওপর আঘাত হানছে। বলছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর অভিযোগ।
ভর্তুকি হ্রাস বা সিলিন্ডারের উচ্চমূল্য মধ্যবিত্ত ও নিম্নবিত্তের রান্নাঘরের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।কংগ্রেসের দাবি অপ্রয়োজনীয় করের বোঝা সাধারণ মানুষের ওপর না চাপিয়ে অতিধনীদের ওপর উচ্চহারে কর বসানো উচিত।বিলাসবহুল পণ্যের চেয়ে জীবনদায়ী ওষুধ বা খাদ্যের ওপর কর ছাড় দেওয়া জরুরি।
তাছাড়া আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বা সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার যুক্তিকে কংগ্রেস অজুহাত হিসেবে দেখছে। তাদের মতে, বিশ্ববাজারের চাপের ভার সাধারণ মানুষের ঘাড়ে না চাপিয়ে সরকারের উচিত নিজস্ব ভাণ্ডার থেকে ত্রাণ নিশ্চিত করা।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে মঙ্গলবার আহুত সাংবাদিক সম্মেলনে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ছাড়াও প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী,মহিলা নেত্রী পৃথা দেব সহ কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।এখন দেখার ভিলেজ কমিটি নির্বাচনের আবহে সংশ্লিষ্ট ইস্যুতে কংগ্রেসের আন্দোলন আগামী দিনে রাজ্যের সাধারণ মানুষের মন কতটা জয় করতে পারে।

