ডেস্ক রিপোর্টার, ১৩ মে।।
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী বুধবার আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করান।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে জহর চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর আগামী দিনের কাজের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।
উপ-নির্বাচনে জয়ের পর এদিন শপথ গ্রহণের মাধ্যমে ধর্মনগরবাসীর প্রতিনিধি হিসেবে তিনি আজ থেকে বিধানসভায় নিজের কাজ শুরু করলেন।ধর্মনগরের দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জহর চক্রবর্তীর এই শপথ গ্রহণ ওই অঞ্চলের ভোটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শপথ গ্রহণের পর তিনি এলাকার উন্নয়ন এবং জনসেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য,২০২৬ সালের ৪ মে ঘোষিত ফলাফল অনুযায়ী, ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী ১৮,২৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
নির্বাচনে বিজয়ী প্রার্থী জহর চক্রবর্তী মোট ২৪,২৯১ ভোট পেয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত পেয়েছেন ৬,০০১ ভোট।অপর দিকে জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য ৫,৯৩৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।বিধানসভার প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই আসনটি শূন্য হয়েছিল।

