স্পোর্টস ডেস্ক,১৫ মে।।
       ফাইনালে কসমোপলিটন ক্লাবের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ব্লাড মাউথ ক্লাব। ১৬ মে হবে আসরের খেতাব নির্ণায়ক ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নক আউট ক্রিকেট আসরে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল ম্যাচটি। শুক্রবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ব্লাড মাউথ ক্লাব ডি এল এস মেথডে ১৮ রানে পরাজিত করে স্ফুলিঙ্গ ক্লাবকে। প্রথমে ব্যাট করে স্ফুলিঙ্গ ক্লাবের গড়া ২৫০ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন ব্লাড মাউথ ৪১.১ ওভারে ৮ উইকেট ২২৪ রান করে। এই সময় কমলা কালো দলের দরকার ছিল২০৭ রান। ফলে ১৮ রানে জয় পায় ব্লাড মাউথ । বিজয়ী দলের মনি শংকর মুড়া সিং প্রথমে বল হাতে ৩ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৬৪ রান করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে স্ফুলিঙ্গ ক্লাব ২৫০ রান করতে সক্ষম হয়। ওপেনার পল্লব দাস যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ বড় স্কোরের স্বপ্ন দেখছিল স্ফুলিঙ্গ শিবির। পল্লব দুরন্ত ব্যাট করলেও দুর্ভাগ্য। মাত্র ৫ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হয়েছেন। আউট হওয়ার আগে ৮৫ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৯৫ রান করেন। এছাড়া দলের পক্ষে সাগর শর্মা ৫৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, কৌশল আচার্য ২৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৩, অজয় সরকার ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং কৌশিক গিরি ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ব্লাড মাউথ ক্লাবের পক্ষে মনি শংকর মুড়া সিং ৩২ রানে এবং অমিত আলী ৫০ রানে ৩ টি করে উইকেট দখল করেন। এছাড়া এপ্রিল দেববর্মা ৪৭ রানে এবং দীপ্তনু চক্রবর্তী ৫৭ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ৪১.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান করার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। দলের পক্ষে মনি শংকর ৫১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪, সেন্টু সরকার ৫৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, শ্রীদাম পাল ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ এবং আনন্দ ভৌমিক ১৬ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে বৈভব পাল ২১ রানে ৩ টি উইকেট দখল করেন।
                                 
       






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *