স্পোর্টস ডেস্ক, ২২ মে।।
ফাইনাল আজ। টিটিএ এশিয়ান র্যাঙ্কিং ও অনূর্ধ্ব ১৬ টেনিস টুর্নামেন্টের।স্টেট টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাস এবং দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে আসর। মেয়েদের ব্যাক্তিগত অনূর্ধ্ব-১৬ বিভাগের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নিশা এঞ্জা। মেয়েদের একক ড্র-তে ১ নম্বর বাছাই এঞ্জা বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিফাইনালে খ্যাতি চেতনের বিপক্ষে কোনো করুণা না দেখিয়ে নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণ করেছেন। এঞ্জা ৬-০, ৬-৩ গেমে সহজেই জয়লাভ করেন। আজ ফাইনালে এঞ্জার মুখোমুখি হবেন পদ্মপ্রিয়া রমেশ কুমার। যিনি ড্র-তে ৭ নম্বর বাছাই জপজি কৌরকে ৬-২, ৬-১ গেমে সহজেই পরাজিত করেছেন।ছেলেদের অনূর্ধ্ব-১৬ বিভাগের ফাইনালে মুখোমুখি হবেন নিব্রাস কাউসার হুসেন এবং যশ কুমার। যাদের কেউই ড্র-তে বাছাই নন। এক সেট পিছিয়ে থেকেও হুসেন অবিশ্বাস্যভাবে ফিরে এসে ৩ ঘন্টা ১২ মিনিট ধরে চলা ম্যারাথন ম্যাচে অর্ণব কুমার ভূঁইয়াকে ৬-৭(৮),৬-০,৬-০ সেটে পরাজিত করেন। অপর ম্যাচ ছিল একতরফা। যেখানে যশ কুমার সরাসরি ৬-১,৬-১ সেটে হাভিশ বনসালকে বিধ্বস্ত করেন।ত্রিপুরা রাজ্যের অধিবাসী এবং বর্তমানে আসামের প্রতিনিধিত্বকারী অর্ণবী দেবনাথ, পদ্মপ্রিয়া রমেশ কুমারের সাথে জুটি বেঁধে মেয়েদের ডাবলস বিভাগের ফাইনালে প্রবেশ করেছেন। উভয় ভেন্যুতে সকাল ৯টা থেকে ম্যাচ শুরু হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুমানিক বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

