স্পোর্টস ডেস্ক, ২২ মে।।
ত্রিপুরা ক্রীড়াজগতে এক ঐতিহাসিক সাফল্যের পালক যুক্ত হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর কাছ থেকে অফিসিয়াল অনুমোদনের চিঠি (অ্যাফিলিয়েশন লেটার) পেল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। শুক্রবার, দিল্লির আই.ও.এ অফিসে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়ের হাতে এই গুরুত্বপূর্ণ চিঠিটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন সর্বভারতীয় কর্মকর্তারা। এই বিশেষ প্রাপ্তির পর আগামী রবিবার, ২৪শে মে সকালে অনুমোদনের চিঠি নিয়ে রাজ্যে ফিরবেন তিনি। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন।
এই ঐতিহাসিক মুহূর্তের পাশাপাশি দিল্লির সদর দপ্তরে ত্রিপুরায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ন্যাশনাল গেমসে ত্রিপুরার জন্য বরাদ্দ ‘জিমনাস্টিকস’ আসরটি সফলভাবে আয়োজন করার বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সাথে, আগামী ২৩শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, পদ্মশ্রী ডক্টর পি. টি. ঊষাকে ত্রিপুরা সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়। আই.ও.এ-র এই সবুজ সংকেত আগামী দিনে ত্রিপুরার ক্রীড়াবিদদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

