স্পোর্টস ডেস্ক, ২০ জুন।।
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইতিহাস গড়েছেন নিউজ়িল্যান্ডের মিডফিল্ডার সরপ্রীত সিং। ইরানের বিরুদ্ধে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে খেলতে নেমে তিনি ফিফা বিশ্বকাপে খেলা প্রথম শিখ ফুটবলার হয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচে প্রথম একাদশে জায়গা পাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারও তিনি। ভারতের বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও পূরণ না হলেও, সরপ্রীতের এই সাফল্য ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
সরপ্রীত বলেন, ‘প্রথম হতে পেরে আমি খুব খুশি। আশা করি ভবিষ্যতে আরও অনেক সিং, শিখ, পঞ্জাবি এবং ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এই পর্যায়ে পৌঁছাবে। আমি শুধু তাঁদের জন্য একটা পথ তৈরি করতে চাই।’
কয়েক বছর আগে নিউ জ়িল্যান্ড ভারত সফরে এসেছিল। সেই সময় ভারতীয় সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা এখনও মনে রেখেছেন সরপ্রীত।
তিনি বলেন, ‘আমি সব সময় মনে করি, আমি শুধু নিউ জ়িল্যান্ডের প্রতিনিধিত্ব করছি না, ভারতেরও প্রতিনিধিত্ব করছি। তাই মাঠে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
প্রসঙ্গত, ভারত এখনও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি। ১৯৫০ সালে সুযোগ পেয়েও আর্থিক সমস্যার কারণে দল বিশ্বকাপ খেলতে পারেনি। তার পর থেকে একাধিকবার চেষ্টা করেও যোগ্যতা অর্জন করা সম্ভব হয়নি। তবে দেশে ফুটবলের জনপ্রিয়তা এবং সমর্থকের সংখ্যা ধারাবাহিক ভাবে বেড়েছে।
Oplus_16908288