স্পোর্টস ডেস্ক,১৭ জুন।।
আগামী ২৩ থেকে ২৫ জুন রাজধানী আগরতলার এনএসআরসিসি বাস্কেট বল কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৭ তম পুরুষ, ৩৪ তম মহিলা এবং ৯ম ইউথ বালক গ্রুপের আন্তঃজেলা তথা স্টেট লেভেল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। পশ্চিম জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই রাজ্য স্তরীয় টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বেলা এগারোটায় এনএসআরসিসি-র কনফারেন্স হল-এ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বাস্কেটবল সংস্থার সাধারণ সম্পাদক সমীর দাস, কোষাধ্যক্ষ অশোক পাল এবং অর্গানাইজিং কমিটির সেক্রেটারি রাজু সাহা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ জুন বেলা ১২টার মধ্যে অংশগ্রহণকারী খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। এবারের প্রতিযোগিতায় ঊনকোটি জেলা ছাড়া বাকি সাতটি জেলা দল এবং সেই সঙ্গে ইকফাই ইউনিভার্সিটি ও ত্রিপুরা ইউনিভার্সিটি সহ মোট ৯টি ইউনিট পুরুষ ও মহিলা উভয় বিভাগে অংশ নেবে। অন্যদিকে, ইয়ুথ বালক গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে সাতটি জেলা দল।
২৩ জুন বিকেল পাঁচটায় এই মেগা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। তিন দিনব্যাপী এই আসরের পর্দা নামবে ২৫ জুন। ঐদিন সন্ধ্যা সাতটায় প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়া উদ্বোধনী ও সমাপনী—উভয় অনুষ্ঠানেই ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং প্রমূখ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

