তেলিয়ামুড়া ডেস্ক, ২২ জুন।।
শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বিশালগড়ের এক ব্যক্তি। আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনে যাত্রা করে তেলিয়ামুড়া রেলস্টেশনে নামার সময় পা পিছলে রেলের চাকার সংস্পর্শে এসে গুরুতর জখম হন তিনি। আহতের নাম সত্যব্রত দেবনাথ। তাঁর বাড়ি বিশালগড় এলাকায়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
বিশালগড়ের বাসিন্দা সত্যব্রত দেবনাথ। জামাইষষ্ঠীর বিকালে তিনি পরিবার নিয়ে রেলে উঠেন তেলিয়ামুড়ার উদ্দেশ্যে। তিনি প্রথমে বিশালগড় থেকে আগরতলায় আসেন রেলে করে। এরপর তিনি ধরেন আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেন। রাতে তেলিয়ামুড়া তৃষাবাড়ি স্টেশনে রেল থেকে নামার সময় সত্যব্রত বাবুর পা পিছলে যায়। তার পা আটকে যায় ট্র্যাক ও প্লাটফর্মের মাঝখানে থাকা জায়গাতে। পায়ের সঙ্গে ঘর্ষণ হয় রেলের চাকার। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন সহ দমকল বাহিনীর লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া হাসপাতালে।জানিয়েছেন সত্যব্রত দেবনাথের শাশুড়ি।
খবর পেয়ে রেল স্টেশনে ছুটে গিয়েছিল দমকল বাহিনী। মূলত তারাই সত্যব্রতকে নিয়ে আসে হাসপাতালে। কর্তব্যরত দমকল কর্মী জানিয়েছেন, বরাত জুড়ে বেচে গিয়েছেন সত্যব্রত। তবে তাঁর পায়ে ভালো চোট লেগেছে। শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য সত্যব্রত দেবনাথকে তেলিয়া মুড়া হাসপাতাল থেকে রাতেই জিবি হাসপাতালে রেফার করা হয়।
অকস্মাৎ ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে সত্যব্রত দেবনাথের গোটা পরিবার। ভালো দিনে তাঁর এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যের। তবে চিকিৎসকরা জানিয়েছেন খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন।

