ডেস্ক রিপোর্টার, ১৪ জুলাই।।
        নেপালের রাজনীতিতে এবার চরম নাটকীয় মোড়। যে তরুণের হাত ধরে হিমালয়ের কোলে জেগে উঠেছিল ‘জেন-জি’ বিপ্লব, আজ তাঁর বিরুদ্ধেই জ্বলছে ক্ষোভের আগুন। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ—এক সময়ের তরুণ প্রজন্মের নয়নের মণি, এখন তাঁদেরই সবচেয়ে বড় ক্ষোভের কারণ। গত তিন দিনে তাঁর পদত্যাগের দাবিতে প্রকাশ্য রাস্তায় নিজেদের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে ৩ যুবক। হঠাৎ কেন এই উলটপুরাণ?
        বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই ভূমিহীন দখলদারদের উচ্ছেদের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এই বিক্ষোভ।কাঠমান্ডুর সিংহদরবার সচিবালয়ের বাইরে মাইতিঘর মণ্ডলায় বিক্ষোভ প্রদর্শন।‘জয়েন্ট ন্যাশনাল স্কোয়াটার্স ফ্রন্ট’-এর সদস্যরা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
       বিক্ষোভ চলাকালীন অংশগ্রহণকারীরা দরিদ্রদের দুর্ব্যবহার বন্ধ, মানবাধিকারের প্রতি সম্মান, বেআইনি গ্রেপ্তারি বন্ধ এবং অননুমোদিত বসতিবাসীদের জন্য উপযুক্ত আবাসনের মতো একাধিক দাবিতে সোচ্চার হয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের। এই অবস্থায় যুব সমাজের পাশে দাঁড়িয়ে বলেন্দ্র সরকারকে নিশানায় নিয়েছে বিরোধী দল নেপালি কংগ্রেস। রাষ্ট্রের ব্যর্থতার জেরেই এই আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।
     রাজনীতিতে নায়ক থেকে খলনায়ক হতে যে বেশি সময় লাগে না, নেপালের এই ঘটনা যেন আরও একবার তা প্রমাণ করল। যে জেন-জি প্রজন্ম বলেন্দ্র শাহকে ক্ষমতার শীর্ষে বসিয়েছিল, আজ তারাই তাঁর বিদায়ঘণ্টা বাজাতে মরিয়া। কাঠমান্ডুর এই আগুন শেষ পর্যন্ত বলেন্দ্রর মেয়র পদ পুড়িয়ে ছারখার করে কি না, এখন সেটাই দেখার।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *