# হরলাল রায় সাগর#

                          __________________

ঢাকা ডেস্ক, ১৫ জুলাই।।
    বাংলাদেশে সনাতন ধর্মীয় অন্যতম প্রধান উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দিরে বিকাল ৩টায় এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাসহ বাংলাদেশের ১২৮ জায়গায় নয় দিনব্যাপী এই উৎসব হবে। প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী রথযাত্রার এই উৎসবের আয়োজন করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।
মহোৎসবে শৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বণ্যাঢ্য শোভাযাত্রায় ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াত’ সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশ-র‌্যাব সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া রথযাত্রা মহোৎসবে ইস্কনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। সুন্দরভাবে উৎসব সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী।
ইসকন স্বামীবাগ মন্দিরে সোমবার আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রথযাত্রা মহোৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- ইস্কন বাংলাদেশের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ শ্রী জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটি সদস্য শ্রী বিমলা প্রসাদ দাস, শ্রী হৃষিকেশ গৌরাঙ্গ দাস ও শ্রী শুভ নিতাই দাস।
আয়োজকরা জানান, নয় দিনব্যাপী এই মহোৎসবের প্রতিদিনের অনুষ্ঠানমালায় রয়েছে, আলোচনা সভা, শ্রীশ্রীজগন্নাথদেবের লীলাকথা, শিশুদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, বৈদিক নাটক এবং মহাপ্রসাদ বিতরণ। রথযাত্রার মহোৎসবে ভক্তদের অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী। তিনি বলেন, প্রকৃতপক্ষে ভারতের উড়িষ্যায় পুরী রথযাত্রার পর ইসকন ঢাকার রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা।
আয়োজকরা আরও জানান, রাজধানীর ইসকন স্বামীবাগ আশ্রমে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বর্তমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগকবলিত জনগণের দ্রুত মুক্তি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণ সহযোগে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে সকাল ৮ টায় উৎসবের শুভ সূচনা হবে। দুপুর ১ টায় শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন এলজিআরডিমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রী গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষওদর সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রী দেবাশীষ রায় মধু ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কমিশনার মকবুল হোসেন টিপু। রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে বিকাল ৩ টায়।
শোভাযাত্রায় ৩টি সুবিশাল ও অত্যাধুনিক ফেন্সিং রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে আরোহণ করানো হবে। লক্ষাধিক ভক্তের হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ২৪ জুলাই শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে ইস্কন স্বামীবাগ আশ্রমে ফেরার মাধ্যমে রথযাত্রা অনুষ্ঠানের সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
ইস্কনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, ইসকন একটি অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংস্থা। বিশ্ববব্যাপী এর কার্যক্রম চলমান। ধর্ম চর্চার পাশাপাশি সামাজিক কার্যক্রমও চালানো হচ্ছে। এর কার্যক্রম অত্যন্ত পরিস্কার। কিন্তু অজানা কারণে বাংলাদেশের একটি বিশেষ গোষ্ঠী ইস্কনের নামে অপপ্রচার চালাচ্ছে, বিশেষ ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে।
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী বলেন, ইস্কন বাংলাদেশ বিশ্বাস করে, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *