ডেস্ক রিপোর্টার, ৩ সেপ্টেম্বর।।
ফের উত্তেজনায় টগবগ করছে রাজ্যের “কলেজ পটিলিক্স”। বাম ছাত্র সংগঠন এসএফআই- র দুই সমর্থককে মারধরের অভিযোগ। ঘটনা শহরের বাধারঘাটস্থিত রামঠাকুর কলেজে। অভিযোগের তির বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি’ র দিকে। এই ঘটনা কেন্দ্র করে অরুন্ধতী নগর থানায় মামলা দায়ের করা হয়েছে এসএফআই’ র পক্ষ থেকে।
বাম ছাত্র সংগঠন এসএফআই- র আক্রান্ত ছাত্রদের বক্তব্য, সম্প্রতি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয়েছিল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির প্রকাশ্য সমাবেশে। এই সমাবেশে যোগ দিয়েছিল রাম ঠাকুর কলেজের এসএফআই- র ছাত্ররা। ভিডিওতে ছবি দেখে তাদেরকে সনাক্ত করে এভিবিপি’ র ছাত্ররা। কলেজে আসার পর তাদের ডেকে নিয়ে যায় এভিবিপি- র কাউন্সিল ভবনে। সেখানে দরজা বন্ধ করে মারধর করে। এরপর কলেজ থেকে বের করে বাঁধারঘাট দশরথ দেব স্টেডিয়াম সংলগ্ন কালি মন্দিরের সামনেও মারধর করে।
এই ঘটনা জানাজানি হতেই প্রতিবাদে সরব হয় এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব। তারা ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে থানা – পুলিশের দ্বারস্থ হয়।

