ডেস্ক রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর।।
দেশের সবচেয়ে বড় মেডিক্যাল প্রবেশিকা ‘নিট-ইউজি’ নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বদলে যেতে চলেছে পরীক্ষা দেওয়ার প্রচলিত পদ্ধতি।
দীর্ঘদিন ধরে চলে আসা ওএমআর বা পেন-অ্যান্ড-পেপার পদ্ধতির বদলে, খুব শীঘ্রই ডিজিটাল বা কম্পিউটারভিত্তিক মোডে হতে চলেছে এই মেগা এক্সাম। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রের খবর, এই রূপান্তরের কাজ ইতিম্যধেই শুরু করে দেওয়া হয়েছে।
ওএমআর শিটের দিন শেষ, নিট-ইউজি হতে চলেছে অনলাইন।এনটিএ-র বক্তব্য “সিবিটি-ই ভবিষ্যৎ,ডিজিটালাইজেশনেই স্বচ্ছতা।মূল লক্ষ্য,পরীক্ষার নিরাপত্তা বৃদ্ধি ও ফল প্রকাশে গতি আনা।
এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং জানিয়েছেন, প্রযুক্তির যুগে ডিজিটাল মাধ্যমেই পরীক্ষা নেওয়া সবচেয়ে নিরাপদ এবং যৌক্তিক। সিবিটি মোডে পরীক্ষা নেওয়া হলে ওএমআর সংক্রান্ত যাবতীয় জালিয়াতি, পেপার লিক ও খাতা মূল্যায়নের দীর্ঘসূত্রতা অনেকাংশেই রোধ করা সম্ভব হবে।
উল্লেখ্য, প্রতি বছর প্রায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থী নিট-ইউজি পরীক্ষায় অংশ নেন। তাই এত বড় আকারের সিবিটি পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে দেশের বিভিন্ন রাজ্যে আধুনিক টেস্ট সেন্টার তৈরির প্রস্তুতি জোরকদমে চালাচ্ছে এনটিএ।

