খোয়াই ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।।
একদিকে শাসকদলের দাবি—বর্তমান রাজ্য সরকার রাজ্যজুড়ে গুণগত মানসম্পন্ন ও আধুনিক শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। অন্যদিকে বাস্তবায় চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। রাজ্যের একাংশ স্কুলে আজও তীব্র শিক্ষক সংকট বজায় রয়েছে, যার চরম মাশুল গুনতে হচ্ছে কোমলমতি পড়ুয়াদের।
তেমনই এক ছবি দেখা গেল খোয়াইয়ের পশ্চিম রাজনগর ইংরেজি মাধ্যম স্কুলে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ধুঁকছে বিদ্যালয়টি। ফলে সঠিক পঠনপাঠন থেকে ক্রমাগত বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রী।শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রীরা তুলাশিখর-চেবরি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পথ অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে তৈরি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন পথচারীরা। খবর পেয়ে দ্রুত অকুস্থলে ছুটে আসেন স্থানীয় ও প্রশাসনিক নেতৃত্ব। অবশেষে তাদের আশ্বাসে ও হস্তক্ষেপে পথঅবরোধ মুক্ত হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তবে শিক্ষার দাবিতে কোমলমতি শিশুদের এভাবে রাস্তায় নেমে আন্দোলন করার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে সচেতন মহল। প্রশাসনের এই উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরাও। এখন দেখার, সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর ও প্রশাসন এই স্কুলের শিক্ষক সংকট মেটাতে দ্রুত কী পদক্ষেপ গ্রহণ করে।

