ডেস্ক রিপোর্টার,১৫ সেপ্টেম্বর।।
রাজ্যে জিরানিয়াতে অবস্থান করে বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকের রক্ত চুষা নির্মাণ সংস্থা বুদ্ধা ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। সংস্থায় কর্মরত শ্রমিকদের উপর স্ট্রিমরোল চালিয়ে দিয়েছে হরিয়ানার এই নির্মাণ সংস্থা। তাদের বিরুদ্ধে শ্রমিক খুন, শ্রমিককে মারধর সহ শ্রমিকদের বেতন প্রদান না করা সহ নানান অভিযোগ রয়েছে। বুদ্ধা ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে নির্যাতিত শ্রমিকরা মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয় নি। অর্থাৎ বুদ্ধা ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির শ্রমিক নির্যাতনকে নীরবে সায় দিচ্ছে জিরানিয়া থানা পুলিশও। এরকমটাই ইঙ্গিত করেছেন এক নির্যাতিত শ্রমিক।

বাধ্য হয়ে শ্রমিকরা পশ্চিম জেলার জেলা শসকের কাছে অভিযোগ করেন। জেলা শাসক বিশাল কুমার পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য শ্রম কমিশনারকে নির্দেশ দেন।শ্রম কমিশনারের নির্দেশে যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস তাঁর অভিযোগ শোনেন। এবং শ্রমিকদের ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। শ্রম দপ্তরের জয়েন্ট কমিশনার বিনয় ভূষণ দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, হরিয়ানার কোম্পানি বুদ্ধা ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে। তদন্তে বেরিয়ে এসেছে সংস্থার বিরুদ্ধে থাকা অভিযোগের সত্যতা।

অবাক করার মতো বিষয় বুদ্ধা ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডে নিয়মিত ভাবে শ্রমিক নির্যাতন চললেও নিশ্চুপ রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠন। শাসক দল বিজেপির সমর্থিত বিএমএস, বিবেকানন্দ বিচার মঞ্চ সহ বাম শ্রমিক সংগঠন সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিসিইউ নেতারা কোথায়? তাদের কর্ণকুহরে কি পৌঁছায় নি শ্রমিকদের কান্না? বুদ্ধা ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড শ্রমিক নির্যাতনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে প্রতি মুহূর্তে।

এই তথ্য কি নেই রাজ্যের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধের নেতৃত্বাধীন ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন? তারা ইচ্ছা করলেই স্বত: প্রণোদিত মামলা দায়ের করে শ্রমিক নির্যাতনের তদন্ত করতে পারে। কিন্তু তারাও চুপ কেন? তাহলে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের কাজ কি? প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ।

