ডেস্ক রিপোর্টার,১৫ সেপ্টেম্বর।।
ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে বাংলাদেশ। পদ্মা-মেঘনার সুস্বাদু ইলিশের সুনাম বিশ্বজুড়ে, আর বিশ্ববাজারের সিংহভাগ ইলিশই ধরেন বাংলাদেশি জেলেরা। তবে চলতি মৌসুমে বদলে গিয়েছে সেই পরিচিত ছবি। পদ্মায় দেখা দিয়েছে চরম ইলিশের খরা, যার জেরে একধাক্কায় ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে।অভ্যন্তরীণ বাজারের বিপুল ঘাটতি মেটাতে এবার ভারতের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ।
গত কয়েকদিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ধাপে ধাপে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে।গুজরাটের ভারুচ বন্দর এবং পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজার থেকে এই ইলিশের বড় অংশ বাংলাদেশে পাঠানো হচ্ছে।
জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষের প্রথম দু’মাসে হরিদাসপুর সীমান্ত হয়ে যশোর জেলার বেনাপোল বন্দরে পৌঁছেছে ভারতের ৩ লক্ষ ৫৩ হাজার ২২৬ কেজি ইলিশ। এর মধ্যে জুলাই মাসে ২৯ হাজার ৮৮০ কেজি এবং আগস্টে ৩ লক্ষ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। অর্থাৎ কূটনৈতিক টানাপোড়েন, প্রবল ভারত-বিরোধিতার হাওয়া সত্ত্বেও নয়াদিল্লর উপরই যে নির্ভরশীল ঢাকা, তা ফের একবার প্রমাণ হয়ে গেল। ভারত ছাড়া কার্যত অচল বাংলাদেশ।
বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদের সাথে অন্য কোনো অঞ্চলের মাছের তুলনা না হলেও, চাহিদা ও যোগানের সামঞ্জস্য বজায় রাখতেই ভারতকে এই পদক্ষপ নিতে হচ্ছে। এতে দুই দেশের মধ্যে মৎস্য বাণিজ্যে এক নতুন সমীকরণ তৈরি হলো।

