স্পোর্টস ডেস্ক,১৬ সেপ্টেম্বর।।
    জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় বক্সিং দলের পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে মনোনীত হয়েছেন ত্রিপুরার সমীর সাহা। ভারতের বক্সিং সংক্রান্ত শীর্ষ সংস্থা, বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া-র পক্ষ থেকে সম্প্রতি এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাপানে এই প্রতিযোগিতার মূল পর্ব আয়োজিত হতে যাচ্ছে। এশিয়ান গেমসের বক্সিং ইভেন্ট চলাকালীন সমীর সাহা সেখানে উপস্থিত থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবেন। 
সমীর সাহার এই সফরের প্রয়োজনীয় ভিসা প্রদানের অনুরোধ জানিয়ে নয়াদিল্লিস্থ জাপান দূতাবাসের কনস্যুলার বিভাগে একটি প্রাতিষ্ঠানিক সুপারিশপত্র পাঠিয়েছে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া। বিএফআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অরুণ মালিকের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জাপানে অবস্থানকালে সমীর সাহার সমস্ত বিমান ভাড়া এবং থাকার যাবতীয় খরচ বিএফআই বহন করবে। সমীর সাহাকে দ্রুত উপযুক্ত ট্যুরিস্ট ভিসা প্রদান করে এই সফর সুগম করার জন্য জাপান দূতাবাসের কাছে আবেদন জানিয়েছে ভারতীয় বক্সিং সংস্থা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *