ডেস্ক রিপোর্টার, ২০ রিপোর্টার।।
পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে ঘিরে জোট রাজনীতির সমীকরণে বড় বার্তা দিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়েছেন, বিজেপি আর পাঞ্জাবে ‘জুনিয়র পার্টনার’ বা ছোট ভাইয়ের ভূমিকায় থাকবে না। শিরোমণি অকালি দলের সাথে দলটির নতুন করে কোনো সমঝোতা করতে হলে তা সম্পূর্ণ সমতার ভিত্তিতে, অর্থাৎ ৫০-৫০ আসন ভাগাভাগির সূত্র মেনেই হতে হবে।
পাঞ্জাবের রাজনীতিতে বদলাচ্ছে পুরোনো সমীকরণ! অকালি দলের সঙ্গে জোট করা না-করা নিয়ে এবার অবস্থান একবারে জলবৎ তরল করে দিল বিজেপি।কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়ে দিয়েছেন, অকালি দলের সঙ্গে বিজেপি সহজে জোট বাঁধার পথে হাঁটছে না। তবে ভবিষ্যতে কোনো জোট আলোচনা হলে তা পুরোনো সূত্র মেনে মোটেও হবে না। ২৪ বছরের পুরোনো ঐতিহ্য ভেঙে বিজেপি স্পষ্ট বার্তা দিয়েছে— পাঞ্জাবে আর ‘জুনিয়র পার্টনার’ বা ছোট ভাই হয়ে থাকা তাদের পক্ষে সম্ভব নয়।
অকালিদের যদি বিজেপির হাত ধরতে হয়, তবে একমাত্র ‘৫০-৫০ ফর্মুলা’ মেনেই আলোচনা টেবিল পর্যন্ত পৌঁছাবে। আগের মতো ২৩টি আসনে লড়ে অকালি দলকে বড় ভাইয়ের ভূমিকা ছেড়ে দেওয়া আর সম্ভব নয়।
উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মোট ১১৭টি আসনের মধ্যে অকালি দল ৯৪টিতে এবং বিজেপি মাত্র ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু কৃষক আন্দোলনের পটভূমিতে জোট ভাঙার পর এবার নিজস্ব রাজনৈতিক ভিত্তি শক্ত করে সমমর্যাদার শক্ত শর্ত সামনে রাখল গেরুয়া শিবির।

