ডেস্ক রিপোর্টার, ২২ সেপ্টেম্বর।।
আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনের মূল দিনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে থাকবেন পুলিশ, টিএসআর এবং অন্যান্য সরকারি কর্মী। সেই সমস্ত ভোটকর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে মঙ্গলবার সকাল ১০টা থেকে তেলিয়ামুড়া আরডি ব্লকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া।
এদিন তেলিয়ামুড়া আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বিপ্লব আচার্য জানান, এই ব্লক থেকে নির্বাচনী কাজে যুক্ত মোট ৫২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৫১ জন পুলিশ ও টিএসআর কর্মী এবং একজন অন্যান্য নির্বাচনী কর্মী। সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ১২টি ভোট সংগৃহীত হয়েছে। এই প্রক্রিয়া আগামীকালও অব্যাহত থাকবে।
নির্বাচনী কর্মীদের এই আগাম ভোটগ্রহণ কেন্দ্র করে তেলিয়ামুড়া ব্লক কার্যালয় চত্বরে কড়া প্রশাসনিক নিরাপত্তা ও তৎপরতা দেখা গেছে। গোটা ভোটগ্রহণ পর্ব অত্যন্ত শান্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। ২৮ সেপ্টেম্বরের মূল নির্বাচনের আগে ভোটকর্মীদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ নির্বাচনী প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিল।

