Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ২৪ সেপ্টেম্বর।।

আমেরিকা ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেলের দর বৃদ্ধি ভারতীয় শেয়ার বাজারে তীব্র পতন ডেকে এনেছে।খনিজ তেলের দাম বিশ্ববাজারে ব্যারেলে ১০৫ ডলার অতিক্রম করায় ভারতের মতো তেল আমদানিকারক দেশের জন্য মূল্যস্ফীতি ও চলতি হিসাবের ঘাটতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে পুঁজি গুটিয়ে নিচ্ছেন, যার জেরে বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি-তে এই বড় ধস নেমেছে।

বৃহস্পতিবার বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৭৪,২৭২.৪০ পয়েন্টে। ১২৩২ পয়েন্ট পড়ায় তা নেমে এসেছে ৭২,৫৫১.৪০ পয়েন্টে। অন্যদিকে বাজার খোলার সময় নিফটি ছিল ২৩,২২১.৮০ পয়েন্ট। ৩৯২ পয়েন্ট পতনের জেরে তা নেমে এসেছে ২২,৮২৯-এ।


বিশেষজ্ঞদের বক্তব্য, মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভাষণে নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “হয় শান্তিচুক্তি হবে অথবা ইরানকে নরকে পাঠাব।” মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন সম্পূর্ণ হলেই তেহরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই অবস্থায় নতুন করে জ্বালানির ভবিষ্যৎবাজার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এছাড়াও একাধিক আন্তর্জাতিক টানা পোড়েনে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়েই চলেছে। সব মিলিয়ে যুদ্ধ নিয়ে শঙ্কিত বিদেশি বিনিয়োগকারীরা। বড় ক্ষতির আশঙ্কায় তাঁরা বাজার থেকে মূলধন তুলে নিতে শুরু করেছেন। এর প্রভাব পড়ছে শেয়ার বাজারে। এমনটাই বলছেন বিশ্লেষকরা। যদিও শুক্রবার পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নেপথ্যে ওয়াশিংটনে ট্রাম্প-জিনপিং বৈঠক। এই বৈঠকে অতিরিক্ত শুল্ক নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *