ডেস্ক রিপোর্টার,২৮ সেপ্টেম্বর।।
      প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’চলছে গত ১৭ সেপ্টেম্বর থেকে।এরই অঙ্গ হিসেবে রাজধানীর মহারাজগঞ্জ পাইকারি মাছ বাজারে এক স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্রদান শিবিরের আয়োজন করে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সমিতি। সমাজসেবামূলক এই উদ্যোগে উপস্থিত থেকে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান মানবিকতার এক অনন্য ও উজ্জ্বল নিদর্শন। ত্রিপুরায় বর্তমানে রক্তদান কর্মসূচি একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, যা রাজ্যবাসীকে নতুন করে উদ্বুদ্ধ করছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের ইতিবাচক দিকগুলিও তিনি তাঁর ভাষণে বিশদভাবে তুলে ধরেন।
সেইসাথে দেশের উন্নয়ন ও রাজনৈতিক বাতাবরণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মগাথা ইতিমধ্যেই এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় না থাকলে সাধারণ মানুষের সার্বিক ও দীর্ঘস্থায়ী উন্নয়ন কখনোই সম্ভব নয়।
     এদিন রক্তদান শিবিরের পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক বিশেষ বস্ত্রদান কর্মসূচিরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা উপস্থিত দুঃস্থ ও অসহায় মানুষের হাতে পূজার নতুন বস্ত্র তুলে দেন।এদিন রক্তদান শিবিরে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী ছাড়া আরও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *