ডেস্ক রিপোর্টার,৫ অক্টোবর।।
একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে কমিশনের থেকে জবাব তলব করেছে শীর্ষ আদালত।
সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে দাবি করা হয়, দুই নির্বাচন কমিশনারের আপত্তি তোয়াক্কা না করে একতরফা ভাবে একাধিক সিদ্ধান্ত ও ভোটার তালিকা সংশোধনের জন্য ‘ফর্ম ৬’-এ বদল এনেছেন মুখ্য নির্বাচন কমিশনার। মামলায় তাঁকে সাসপেন্ড করা এবং তাঁর সব সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়।

আবেদনকারীদের আর্জির প্রেক্ষিতে আদালত স্পষ্ট জানায়, কেবল সংবাদপত্রের খবরের ওপর নির্ভর করে মুখ্য নির্বাচন কমিশনারকে সাসপেন্ড করা যায় না।তবে বেঞ্চ পর্যবেক্ষণ করে, কমিশনকে আইন মেনে সর্বসম্মতিতে বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। নিয়ম মেনে কাজ হয়েছে কি না, তা নিয়ে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার ও বাকি দুই কমিশনারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কোনো সিদ্ধান্ত বেআইনি প্রমাণিত হলে তা পরবর্তীতে বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত।

