“স্মার্ট ও আধুনিক আগরতলা গঠনের ক্ষেত্রে এই প্রকল্প একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”এই আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং ও ইউটিলিটি ডাক্ট প্রকল্প বাস্তবায়িত হলে আগরতলাবাসী একাধিক সুবিধা পাবেন।”- মুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্টার,২৯ অক্টোবর।
      আগরতলা শহরকে আরও দৃষ্টিমনোহর, আধুনিক ও নিরাপদ করে তোলার লক্ষ্যে এক ঐতিহাসিক উদ্যোগ নিল ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। শহরকে ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত করতে এবং বিদ্যুৎ পরিষেবাকে আরও নির্ভরযোগ্য করে তুলতে সূচনা হলো বহুল প্রতীক্ষিত ‘আগরতলা আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং প্রজেক্ট’ এবং ‘ইউটিলিটি ডাক্ট এগ্রিগেশন মডেল প্রজেক্ট’।বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যুৎ নিগমের উদ্যোগে এই প্রকল্পের ভূমিপূজন ও আনুষ্ঠানিক সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ,রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিদ্যুৎ নিগম ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”স্মার্ট ও আধুনিক আগরতলা গঠনের ক্ষেত্রে এই প্রকল্প একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”এই আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং ও ইউটিলিটি ডাক্ট প্রকল্প বাস্তবায়িত হলে আগরতলাবাসী একাধিক সুবিধা পাবেন।
বিশেষজ্ঞদের মতে,শহরের রাস্তার ওপর দিয়ে যাওয়া বিপজ্জনক ও অশুভ দৃশ্য তৈরি করা ঝুলন্ত তারের জট থেকে স্থায়ী মুক্তি মিলবে।তাছাড়া  ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া বা তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দূর হবে।এছাড়া খোলা তার থেকে ঘটতে থাকা সম্ভাব্য বড়সড় বিদ্যুৎ দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
উপরন্তু শহরের নান্দনিক সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি পাবে, যা আগরতলাকে একটি প্রকৃত স্মার্ট সিটির রূপ দেবে। মোটের উপর আধুনিক নগরভিত্তিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই মেগা প্রজেক্ট ত্রিপুরা বিদ্যুৎ নিগম তথা রাজ্য সরকারের একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করছেন শহরের সচেতন নাগরিক মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *