ডেস্ক রিপোর্টার, ২৯ অক্টোবর।।
ন্যূনতম মজুরি প্রদান, স্কুলে কম্পিউটার শিক্ষার সুষ্ঠু বাস্তবায়ন এবং ন্যায্য অধিকার সুনিশ্চিত করার দাবিতে রাজপথে নামল ‘অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ’। বিএমএস অনুমোদিত ত্রিপুরা টেকা মজদুর সংঘের অধীন এই সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়।সংগঠনের প্রতিনিধিদের দাবি, রাজ্যের প্রায় ১,২০০ থেকে ১,৫০০টি স্কুলে প্রকল্পভিত্তিক কম্পিউটার শিক্ষা চালু রয়েছে। দীর্ঘদিন ধরে ন্যায্য পাওনার দাবিতে মন্ত্রী, বিধায়ক ও দপ্তরের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান মেলেনি। শিক্ষকদের স্পষ্ট বক্তব্য, তাঁরা বিপুল বেতন বা নিয়মিত সরকারি চাকরি চাইছেন না; তাঁদের মূল দাবি ন্যূনতম মজুরি ও শিক্ষার প্রকৃত পরিবেশ নিশ্চিত করা। আসাম সহ অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও প্রকল্পভিত্তিক শিক্ষকদের সরকারি তত্ত্বাবধানে আনার দাবি জানান তাঁরা।
এদিন শিক্ষা সচিব ও প্রাথমিক শিক্ষা দপ্তরের স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, সরকারের প্রতি তাঁদের আস্থা রয়েছে, তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সপ্তাহ থেকে জেলাভিত্তিক আন্দোলন ও পরবর্তীতে রাজ্যব্যাপী গণইস্তফার পথ বেছে নেওয়া হবে।

