ডেস্ক রিপোর্টার,২৯ অক্টোবর।।
খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের জলে ডুবে ১৩ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু। এই আকস্মিক ও হৃদয় বিদারক ঘটনায় গোটা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রূপাছড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ১৩ বছর বয়সি শান্তু দত্ত বাড়ির পাশেই খেলাধুলা করছিল। কোনো এক সময়ে সে অসাবধানতাবশত পুকুরের জলে পড়ে যায়। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, ওই কিশোর মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রাথমিক অনুমান, জলে পড়ে যাওয়ার পর মৃগী রোগের আক্রমণ কিংবা অসুস্থতাজনিত কারণে সে নিজেকে আর জলের ওপর সামলে উঠতে পারেনি। এর ফলেই জলে ডুবে তার অপমৃত্যু ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। যে বয়সে বই খাতা হাতে স্কুলে যাওয়ার এবং খেলাধুলায় মেতে থাকার কথা, সেই কাঁচা বয়সেই এক তরতাজা প্রাণের এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে শুরু করে পুরো এলাকাবাসী। কিশোরের এই অকালমৃত্যুতে রূপাছড়াজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

