ডেস্ক রিপোর্টার,১৩ নভেম্বর।।
নোটবন্দির পরবর্তী সময় থেকেই ভারতে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক অভাবনীয় বিপ্লব দেখা গিয়েছে। ডেবিট-ক্রেডিট কার্ড হোক কিংবা ইউপিআই —সর্বত্রই নগদহীন লেনদেনের গ্রাফ ঊর্ধ্বমুখী। চায়ের দোকানের অতি ক্ষুদ্র বিল পরিশোধ থেকে শুরু করে বাড়ি ভাড়া কিংবা বড় অঙ্কের লেনদেন—আজ সমস্ত ক্ষেত্রেই সাধারণ মানুষের প্রথম ভরসা ইউপিআই। তবে এই দ্রুতগতির ও সহজ লেনদেন ব্যবস্থার উল্টোপিঠে সমান তালে বাড়ছে সাইবার প্রতারণা ও জালিয়াতির জাল। আর এই সমস্যা থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে এবার বড় পদক্ষেপের পথে হাঁটছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
১ ঘণ্টার ‘পজ’ বা বিরতির প্রস্তাব
ডিজিটাল লেনদেনের মাধ্যমে ঘটে চলা চটজলদি জালিয়াতি এড়াতে বড় অঙ্কের পয়েন্ট টু পয়েন্ট লেনদেনে ১ ঘণ্টার একটি ‘পজ’ বা বিরতি চালু করার প্রস্তাব এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই প্রস্তাব কার্যকর হলে, নির্দিষ্ট পরিমাণের বড় অঙ্কের টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরের সময় মাঝের ওই এক ঘণ্টা সময়সীমা গ্রাহককে বড় ধরনের আর্থিক প্রতারণা থেকে রক্ষা করতে একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কেন এই ভাবনা?
বর্তমানে কোনো প্রতারক ফাঁদ পেতে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিলে মুহূর্তের মধ্যে তা হাতবদল হয়ে যায়, ফলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।আর ১ ঘণ্টার এই বিরতি উইন্ডো থাকলে কোনো অননুমোদিত বা সন্দেহজনক লেনদেন ঘটলে গ্রাহক তা তৎক্ষণাৎ চিহ্নিত করে ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপের মাধ্যমে লেনদেন আটকে দেওয়ার সুযোগ পাবেন।
তাছাড়া ইউপিআই-এর গতি বজায় রেখেই সামগ্রিক লেনদেন ব্যবস্থাকে আরও বেশি নির্ভরযোগ্য ও নিরাপদ করে তোলা এই প্রস্তাবের মূল উদ্দেশ্য।
খুব শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন ব্যবস্থা কার্যকর হতে পারে বলে আর্থিক মহলের ধারণা। এর ফলে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং প্রতারকদের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।

