গণ্ডাছড়া ডেস্ক,১৪ নভেম্বর।।
                গণ্ডাছড়া মহকুমার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনে ২০২৫-২৬ অর্থবর্ষে ‘রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ’ প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে মার্শাল আর্ট প্রশিক্ষক নিয়োগ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। রাজ্য সরকারি ও এডিসি পরিচালিত বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে তিন মাসের চুক্তিভিত্তিক মেয়াদে মার্শাল আর্ট ট্রেনার নিয়োগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, এই প্রকল্পে প্রশিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে রাজ্যস্তরের মার্শাল আর্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে, নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কয়েকজনকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ ফুটবল এবং কেউ খো-খো খেলায় যুক্ত থাকলেও মার্শাল আর্টের সঙ্গে তাঁদের পূর্ব অভিজ্ঞতা নেই বলে অভিযোগ।
অভিযোগের তীর যাঁদের দিকে, তাঁরা হলেন—
১।  দীপক দাস — ফুটবল খেলোয়াড়। অভিযোগ, তিনি কখনও মার্শাল আর্টের প্রশিক্ষণ নেননি।
২।  হরিদাস সরকার — খো-খো খেলোয়াড়। অভিযোগ, তাঁর মার্শাল আর্ট প্রশিক্ষণের অভিজ্ঞতা নেই।
৩।  উত্তম সরকার — ফুটবল খেলোয়াড়। অভিযোগ, তিনি কখনও মার্শাল আর্টের সঙ্গে যুক্ত ছিলেন না।
৪।  প্রকাশ সরকার — খো-খো খেলোয়াড়। অভিযোগ, তাঁরও মার্শাল আর্ট প্রশিক্ষণের পূর্ব অভিজ্ঞতা নেই।
এলাকার ক্রীড়ামহলের একাংশের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের মার্শাল আর্ট সার্টিফিকেটের বৈধতা নিয়েও সন্দেহ রয়েছে। যদি সত্যিই নির্ধারিত যোগ্যতা ছাড়া তাঁদের নিয়োগ করা হয়ে থাকে, তাহলে প্রকৃত মার্শাল আর্ট প্রশিক্ষক ও খেলোয়াড়েরা বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন অনেকে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে। নিয়োগপ্রাপ্ত চারজনের শিক্ষাগত ও ক্রীড়াগত যোগ্যতা, মার্শাল আর্ট সার্টিফিকেটের সত্যতা এবং নিয়োগ প্রক্রিয়ার বৈধতা খতিয়ে দেখার দাবি জানানো হচ্ছে।
           তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এই অভিযোগের ভিত্তিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *