ডেস্ক রিপোর্টার,১৫ নভেম্বর।।
তেলিয়ামুড়ায় সুপারি গোডাউনে আটকে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি এবং মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা চান মিয়া নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসা ও কাস্টমসকে চ্যালেঞ্জ জানানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।
নূর আহমেদ নামক এক ব্যক্তির অভিযোগ অনুযায়ী, তাঁকে ১০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে তেলিয়ামুড়ায় ডেকে পাঠানো হয়। পরবর্তীতে একটি সুপারি গোডাউনে আটকে তাঁর কাছে ১ কোটি টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় এবং কেন্দ্রীয় সংস্থার অভিযান নিয়ে প্রশ্ন তোলায় চান মিয়া, তাঁর ছেলে আক্তার হোসেন ও সহযোগীরা তাঁকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, উল্টো ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়ে তাঁকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ।
একের পর এক এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু সামাজিক মাধ্যম টাকার বিনিময়ে চান মিয়ার পক্ষে নানা প্রপাগান্ডা ও সাজানো নাটক প্রচার করছে। এই পরিস্থিতিতে তেলিয়ামুড়ার সাধারণ মানুষ এই ধরনের সমাজবিরোধী ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।

