আগরতলা, ১৬ নভেম্বর।।

      আসন্ন পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিপুল জয় লাভ করবে। সোমবার এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি দাবি করেন, রাজ্যজুড়ে ব্যাপক জনসমর্থন থাকায় এই নির্বাচনে বিজেপির কোনো প্রকৃত প্রতিদ্বন্দ্বী নেই।
                    রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে সোমবার সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে আয়োজিত বিজেপির এক নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
                       সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, বাড়ি বাড়ি প্রচারের সময় বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে তাঁকে স্বাগত ও উৎসাহিত করেছেন। তিনি বলেন, মানুষের এই অভূতপূর্ব সাড়াই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সবচেয়ে বড় শক্তি এবং এটি দলের উন্নয়নমুখী শাসনের প্রতি জনগণের আস্থারই প্রতিফলন।

                    মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৭ নভেম্বর পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ সালের নির্বাচনের কথা স্মরণ করে তিনি বলেন, সেবার নগর পঞ্চায়েত, পুর পরিষদ এবং আগরতলা পুর নিগম সহ মোট ২০টি সংস্থায় বিজেপি জয়লাভ করেছিল। এবার নবগঠিত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত যুক্ত হওয়ায় মোট ২১টি পুর সংস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

             মুখ্যমন্ত্রী বলেন, প্রচারের সময় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই দলের অবস্থান সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে। তিনি বলেন, সাধারণত ক্ষমতায় থাকার পর সরকারকে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার সম্মুখীন হতে হয়। কিন্তু বিজেপি তার কাজের মাধ্যমে সেই ধারণা বদলে দিয়েছে। আমাদের কাছে বিজেপি মানেই উন্নয়ন এবং নিরলস কাজ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি।

                    ডাঃ সাহা ভোটারদের কাছে আহ্বান জানান, যাতে ২১টি পুর ও নগর সংস্থাতেই বিজেপির জয় নিশ্চিত হয়। তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষিত হবে এবং এই ফলাফল ত্রিপুরাবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁদের জোরালো সমর্থনের বার্তা পাঠানোর সুযোগ করে দেবে।

                 মুখ্যমন্ত্রী আরো বলেন, আমি চাই ত্রিপুরার মানুষ আমাদের এমন জনাদেশ দিন, যাতে আমরা গর্বের সঙ্গে প্রধানমন্ত্রীকে রাজ্যে আসার আমন্ত্রণ জানাতে পারি এবং ২১টি পুর ও নগর সংস্থার মধ্যে ২১টিতেই বিজেপির জয় প্রত্যক্ষ করাতে পারি।

              মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির প্রকৃত লড়াই অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং নিজেদের কাজের মানের সঙ্গেই। তিনি আরও বলেন যে, দল রাজনৈতিক সংঘাতে জড়ানোর চেয়ে মানুষের জন্য আরও বেশি কাজ করার দিকেই মনোনিবেশ করেছে। বিজেপি সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে চলার নীতিতে বিশ্বাস করে।

              তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় এবং সমাজের সকল স্তরের মানুষ—  জাতি ও জনজাতিকে সঙ্গে নিয়ে এক নতুন ত্রিপুরা গড়তে চায় বর্তমান সরকার।
                এদিন মুখ্যমন্ত্রী পূর্বতন বামফ্রন্ট সরকারকেও তীব্র আক্রমণ করে বলেন, রাজ্যে তাদের ৩৫ বছরের শাসনকাল রাজনৈতিক হিংসা ও হত্যাকাণ্ডে কলঙ্কিত ছিল।
                   সভায় উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সহ-সভাপতি রতন ঘোষ, বিধায়ক বিন্দু দেবনাথ, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *