তেলিয়ামুড়া ডেস্ক,১৫ নভেম্বর।।

সাংবাদিকতা মানেই শুধু কলম হাতে সংবাদ লেখা কিংবা ক্যামেরায় ছবি তোলা নয়, বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করাও যে সাংবাদিকতার অন্যতম কর্তব্য, তা আরও একবার প্রমাণ করলেন তেলিয়ামুড়ার তিন সাংবাদিক শিবজ্যোতী মল্লিক, মৃন্ময় রায় ও সৌরভ পোদ্দার। সংবাদ সংগ্রহের গণ্ডি পেরিয়ে অসহায় এক বৃদ্ধের পাশে দাঁড়িয়ে মানবতা ও সহমর্মিতার অনন্য নজির গড়লেন তাঁরা। তাঁদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তেলিয়ামুড়া ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরাও।

খবরে প্রকাশ, শনিবার দুপুর ঠিক একটা নাগাদ তেলিয়ামুড়ার সাংবাদিকদের কাছে খবর আসে, শান্তিনগর কংগ্রেস ভবন সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক অসহায় বৃদ্ধ শারীরিক যন্ত্রণায় কাতর অবস্থায় পড়ে রয়েছেন। খবর পাওয়া মাত্রই মুহূর্তের বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে যান সাংবাদিক শিবজ্যোতী মল্লিক, মৃন্ময় রায় ও সৌরভ পোদ্দার। সেখানে পৌঁছে ওই বৃদ্ধের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, তাঁর নাম সংকর দেব, বয়স আনুমানিক ৬০ বছর। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন ও সহায়-সম্বলহীন অবস্থায় বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে রাস্তাতেই দিন কাটাচ্ছেন তিনি।

বৃদ্ধের অসহায় অবস্থা প্রত্যক্ষ করে তাঁকে এভাবে ফেলে না রেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হন তিন সাংবাদিক। তেলিয়ামুড়া ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের সহযোগিতায় খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অসুস্থ বৃদ্ধকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে পৌঁছানোর পরও থেমে থাকেননি মানবিক এই উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ওষুধপত্র কিনে দেওয়ার পাশাপাশি শীতবস্ত্রও তুলে দেন তাঁরা।

সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের দুর্দিনে এভাবে পাশে দাঁড়ানোর ঘটনা নিঃসন্দেহে সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করে। শিবজ্যোতী মল্লিক, মৃন্ময় রায় ও সৌরভ পোদ্দারের এই মানবিক উদ্যোগ এবং তেলিয়ামুড়া ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের সহযোগিতা আবারও মনে করিয়ে দিল—মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানবতার পরিচয়।কলম ও ক্যামেরার পাশাপাশি মানবতার হাতও বাড়িয়ে দিলেন তেলিয়ামুড়ার তিন সাংবাদিক। তাঁদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *