স্পোর্টস ডেস্ক,১৫ নভেম্বর।।
ত্রিপুরা দলের জয়ের ধারা অব্যাহত। পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে ত্রিপুরা দল। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া পূর্বাঞ্চলীয় মহিলা বাস্কেটবল প্রতিযোগিতায় প্রথমবার আয়োজিত এই সর্বভারতীয় মেগা টুর্নামেন্টে পূর্ব অঞ্চলের ১৯টি দল অল ইন্ডিয়া কোয়ালিফিকেশনের জন্য লড়ছে। ঐতিহাসিক এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে এক্সিম ইউনিভার্সিটি ৪৫-৩৯ পয়েন্টে অটল বিহারী বাজপেয়ী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে দারুণ সূচনা করেছিল এবং পরবর্তী দিনগুলোতে নেহু, বিএইচইউ ও স্বাগতিক ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দলগুলোর অসাধারণ পারফরম্যান্সে টুর্নামেন্টটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।
প্রতিযোগিতার তৃতীয় দিনের প্রকাশিত ফলাফল অনুযায়ী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ৪৪-১৯ পয়েন্টে সিএসবিটি ইউনিভার্সিটি-কে এবং নেহু ৫২-৪৫ পয়েন্টে বেনারস হিন্দি ইউনিভার্সিটি-কে পরাজিত করেছে। এছাড়া কোয়ালিফাইং ম্যাচের ফলাফলে হেমচাঁদ যাদব বিশ্ববিদ্যালয় ৪৩ পয়েন্টের বিপরীতে ৪৫ পয়েন্ট পেয়ে বারহামপুর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করেছে এবং ভিবিএস পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় ৫৩-১৯ পয়েন্টে পন্ডিত রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টটি উত্তর-পূর্বাঞ্চলে ক্রীড়ার বিকাশ এবং মহিলা খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর জমে উঠেছে, এবং আগামী দিনগুলোতে ম্যাচগুলোর উত্তাপ আরও বাড়ার পাশাপাশি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছানোর লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

