ডেস্ক রিপোর্টার,১৬ নভেম্বর।।
আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করতে তৎপর হলো ভারতীয় জনতা পার্টি। সোমবার তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মূলত সংগঠনকে আরও সুসংহত করা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
এদিনের বৈঠক থেকে আসন্ন নির্বাচনে দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করার পাশাপাশি বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিপ্লব কুমার দেব। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের ধারা তেলিয়ামুড়া পর্যন্ত পৌঁছেছে এবং সাধারণ মানুষ বিজেপির সঙ্গেই রয়েছেন। বিরোধী দল কংগ্রেস ও বামফ্রন্টের সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন যে, ত্রিপুরায় তাদের রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং তারা কেবল পতাকা লাগিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে।
পাশাপাশি, বিরোধীরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন ও বিচারব্যবস্থার বিরোধিতা করে বলেও তিনি অভিযোগ তোলেন। আগামী দিনে বিরোধীদের প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতিও থাকবে না বলে তিনি কটাক্ষ করেন।
পুর নির্বাচন আগামী ২৭ নভেম্বর।আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসকদলের এই সাংগঠনিক তৎপরতা এবং বিপ্লব কুমার দেবের মন্তব্যকে ঘিরে তেলিয়ামুড়ার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

