ডেস্ক রিপোর্টার, ১৭ নভেম্বর।।
আসন্ন তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। প্রথমে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি এবং পরবর্তীতে শহরের রাজপথ ধরে বিশাল রোড শোয়ে অংশ নেন।
এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার এবং মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সাড়ে আট বছরের শাসনকাল এবং গত পাঁচ বছরে পৌর পরিষদের স্বচ্ছ ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “আমরা কংগ্রেস ও সিপিএমের মতো কেবল ভোটের সময় সক্রিয় হই না; মানুষের পাশে থেকে ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা কাজ করি। তাই ভালো ফলাফল হওয়াটাই স্বাভাবিক।
তেলিয়ামুড়া পৌর নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই চারটি আসনে জয় এসেছে এবং বাকি আসনগুলিতেও বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। মানুষকেই দলের মূল শক্তি ও সমাজের মেরুদণ্ড হিসেবে অভিহিত করেন তিনি।
জনসভা ও রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. সাহা জানান, রাস্তার দু’পাশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও সাড়া প্রমাণ করে যে তেলিয়ামুড়াবাসী বিজেপির সঙ্গেই রয়েছেন। বিরোধীদের কাছে কোনো গঠনমূলক ইস্যু না থাকায় তারা কেবল সমালোচনা করছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ শেষ পর্যন্ত উন্নয়ন দেখেই ভোট দেবেন এবং পৌর এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

