ডেস্ক রিপোর্টার , ১৯ নভেম্বর ।।

শক্তির আরাধনার রাতে সাব্রুমে অসুর রাজ। ক্ষমতার আড়ালে নারী ইজ্জত লুটের অভিযোগ।সাব্রুমের লজ্জার কালো রাত নিয়ে হেলদোল নেই রাজ্য মহিলা কমিশনের! কেন ?  আলোর উৎসব দীপাবলিতে যখন রাজ্য জুড়ে মেতে উঠেছিলো মানুষ, তখন সেই রাতেই সাব্রুমের পূর্ব-লধুয়া এডিসি ভিলেজের নতুন পাড়াতে নেমে এসেছিল এক ভয়ংকর অন্ধকার। এই যুগের দুই অসুর এক অসহায় নারীর ইজ্জত ভূ – লুণ্ঠিত করে। লোকলজ্জা, অপমান ও ঘৃণায় অসহায় নারী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। নারীর জীবনে নেমে আসা ভয়ঙ্কর সর্বনাশা কালো রাতের আর্তনাদ চাপা পড়ে যায় ভোট বাজারের ঢাক ঢোলের শব্দে। রাজ্য সরকার ও রাজ্য মহিলা কমিশন সহ শাসক দলের নারীবাদী সংগঠনের লোকজনের কর্ণকুহরে পৌঁছায় নি গণ ধর্ষণের শিকার হওয়া এক মায়ের চাপা কান্না। বর্তমানে নির্যাতিতা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দাঁড়িয়ে আছেন জীবন – মৃত্যুর সন্ধিক্ষণে।

এই ন্যাক্কার জনক ঘটনার নেপথ্যে সাব্রুম মন্ডলের জনজাতি মোর্চার এক্সিকিউটিভ বডির দুই সদস্য তথা জনজাতি নেতা দশহ ত্রিপুরা ওরফে সনদ ও সুবল ত্রিপুরা। সাব্রুম থানার পুলিশ স্বত: প্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে । বিপদের আঁচ বুঝে অভিযুক্ত সুবল ত্রিপুরা সাব্রুম মহকুমা আদালতে গিয়ে আত্মসমর্পণ করে। বর্তমানে সে বিলোনিয়া জেলে অবস্থান করছে। অপর অভিযুক্ত তথা সাব্রুম মন্ডলের জনজাতি মোর্চার সদস্য দশহ ত্রিপুরা ওরফে সনদ পলাতক।

পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতি বার সিপিআইএম সাব্রুম মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন থানার ওসি- র সঙ্গে। এই দলে ছিলেন সিপিআইএম নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত।

তিনি জানিয়েছেন, বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে ওসি- র দাবি জানানো হয়েছে অভিযুক্তদের গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য।

কৃষ্ণা রক্ষিতের বক্তব্য অনুযায়ী, পুলিশ স্বত প্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। অপর জন পলাতক।বাম নারী নেত্রী কৃষ্ণা রক্ষিতের অভিযোগ, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নি রাজ্য মহিলা কমিশন। নিশ্চুপ রাজ্য সরকার।

খবর অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্দেশেই সাব্রুম থানা স্বত: প্রণোদিত মামলা রুজু করেছে। অভিযুক্ত সুবল ত্রিপুরাকে বাধ্য করেছে আদালতে আত্মসমর্পণ করতে। অপর অভিযুক্ত দশহ ত্রিপুরাকে গ্রেফতারের জন্য জাল বিস্তার করেছে। তবে এই বিষয় নিয়ে রাজ্য মহিলা কমিশন ও শাসক দলের মহিলা মোর্চা এখন পর্যন্ত কোনো ভূমিকা না নেওয়া চাপা ক্ষোভের সৃষ্টি হচ্ছে সর্বত্র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *