তেলিয়ামুড়া ডেস্ক, ২০ নভেম্বর।।

আসন্ন তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ পর্যায়ে র‍্যালি ও জনসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছে বিজেপি। শুক্রবার তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে বিজেপি ল প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় এবং রাজ্য প্রভারী মৃগাঙ্ক দেও বর্মনের উপস্থিতিতে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের দলীয় প্রার্থী, নেতৃত্ব ও কর্মীরা নির্বাচনী রণকৌশল এবং প্রচারের শেষ পর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে ১৫টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়ার রাজপথ ও বাজার এলাকায় একটি র‍্যালি বের করা হয়। কর্মসূচি চলাকালীন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ করেন। এদিনের এই কর্মসূচিতে বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়,মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।জনসংযোগ অভিযানের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, নির্বাচনের শেষ পর্যায়ে সাধারণ মানুষের উৎসাহ সরেজমিনে দেখতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং তিনি ভোটারদের কাছে দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় বিরোধীদের সমালোচনা করে তিনি মন্তব্য করেন যে, বিরোধীদের মাঠে তেমন উপস্থিতি নেই এবং তারা রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনে বাম কংগ্রেস জোট করে প্রতিদ্বন্দ্বীতা করছে।আর নির্বাচনের অন্তিম পর্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজেপি তাদের সাংগঠনিক তৎপরতার বার্তা তুলে ধরেছে।উল্লেখ্য,তেলিয়ামুড়া পুর পরিষদের একাধিক আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *