ডেস্ক রিপোর্টার,২১ নভেম্বর।।
         পুর নির্বাচনের দামামা বেজে গেছে।চলছে প্রচার প্রসার। আগামী ২৭ নভেম্বরের ভোটের আগে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন—সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট? বিরোধীদের এই অনৈক্যে কি তবে স্বস্তিতে শাসকদল বিজেপি? আর এর রেশ কি পড়বে ২০২৮-এর বিধানসভা নির্বাচনেও?
      পুর নির্বাচনে বিজেপি-বিরোধী ভোট এককাট্টা করতে বাম ও কংগ্রেসের মধ্যে জোটের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। এমনকি আগরতলা পুর নিগমের ৫১টি আসনের মধ্যে ২৬টি আসনে বামেরা প্রার্থী দিয়ে বাকি আসনগুলোতে সমঝোতার পথও খোলা রেখেছিল। তবে বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী, মূলত তিনটি কারণে এই জোট চূড়ান্ত রূপ পায়নি।
        আগরতলা পুর নিগমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরসভায় জয়যোগ্য আসন ছাড়া নিয়ে দুই দলের স্থানীয় ও রাজ্য নেতৃত্বের মধ্যে ঐকমত্য গড়ে ওঠেনি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘকাল একে অপরের বিরুদ্ধে লড়াই করা নিচুতলার কর্মীদের মধ্যে এই জোট নিয়ে দ্বিধা ছিল। কংগ্রেসের একাংশ মনে করেছিল, বামেদের সাথে জোট করলে তাদের নিজস্ব ভোটব্যাঙ্ক ও সাংগঠনিক অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে।তাছাড়া
সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ ১০ নভেম্বর পর্যন্ত সমঝোতার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বললেও, শেষ মুহূর্ত পর্যন্ত আসন রফা না হওয়ায় তা আর কার্যকর হয়নি। ফলে তেলিয়ামুড়া,কুমারঘাটবা পানিসাগরের মতো হাতেগোনা কয়েকটি এলাকা ছাড়া অধিকাংশ আসনেই এখন ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। 
সে যাই হোক,বাম কংগ্রেসের এই জোট না হওয়ার বিষয়টি শাসকদল বিজেপিকে কৌশলগতভাবে এগিয়ে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
       রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ৭৭টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বাকি ২৬৮টি আসনে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী ভোট বাম ও কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে গেলে তার সরাসরি সুবিধা পেতে পারে শাসক শিবির।   অন্যদিকে, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা খোয়াই ও আগরতলার প্রচারসভা থেকে বাম-কংগ্রেসের এই সমঝোতা চেষ্টাকে ‘রাজনৈতিক নাটক’ ও ‘সুবিধাবাদী মিতালি’ বলে কটাক্ষ করেছেন। বিজেপির দাবি, বিরোধীরা জনভিত্তি হারিয়েছে এবং উন্নয়নের নিরিখেই মানুষ তাদের ভোট দেবে।তবে বাম ও কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, শাসকদলের চাপ ও ভয়ের পরিবেশের কারণেই অনেক জায়গায় বিরোধীরা মনোনয়ন দিতে বা ধরে রাখতে পারেননি। জিতেন্দ্র চৌধুরীর মতে, আনুষ্ঠানিক জোট না হলেও বামফ্রন্ট সর্বশক্তি দিয়ে বিজেপিকে পরাজিত করার লড়াই চালিয়ে যাবে। 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,পুর নির্বাচনের এই সমীকরণ আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে একটি বড় ‘লিটমাস টেস্ট’ বা অ্যাসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছে।যদি এই পুর নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের ফলে বিরোধীদের ভরাডুবি হয়, তবে ২০২৮-এর বিধানসভা ভোটের আগে বাম ও কংগ্রেসের ওপর পুনরায় জোট বাঁধার চাপ বাড়বে। 
আবার, আলাদা লড়ে কোনো একটি বিরোধী দল যদি দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসতে পারে, তবে ২০২৮ সালের আসন বণ্টনে তারা দরকষাকষির জায়গায় এগিয়ে থাকবে। অন্যদিকে, পুর নির্বাচনে বড় জয় পেলে বিজেপি যেমন শহরাঞ্চলে নিজেদের সংগঠন আরও মজবুত করার বার্তা দেবে, তেমনই তিপ্রা মথার সাথে তাদের সমঝোতার রসায়ন আগামী বিধানসভা ভোটের রূপরেখাও স্পষ্ট করে দেবে।
সব মিলিয়ে,২৭ নভেম্বরের পুর নির্বাচন কেবল শহরের নাগরিক পরিষেবা দেওয়ার লড়াই নয়, বরং ২০২৮-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের বিরোধী রাজনীতি কোন পথে হাঁটবে, তারও দিক নির্দেশ করবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *