ডেস্ক রিপোর্টার, ২০ নভেম্বর।।
আগামী ২৭ নভেম্বর পুর নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে দু’দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টিতে প্রচারে বড়সড় ধাক্কা খেয়েছে সব পক্ষই। তবে বৃষ্টিতে প্রচারে ভাঁটা পড়লেও রাজনৈতিক বয়ানবাজিতে কোনো কমতি নেই। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, পিসিসি মুখপাত্র সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
সাংবাদিক সম্মেলন থেকে শাসকদল ও সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন আশীষ কুমার সাহা। তাঁর অভিযোগ সারা দেশে ‘ভোট চুরি’ ও ‘ভোট লুটপাটের’ যে প্রবণতা দেখা যাচ্ছে, রাজ্যেও একই ছবি ধরা পড়ছে। এই প্রবণতার বিরুদ্ধে ‘গণদেবতাদের’ রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি।
সেইসাথে পুর নির্বাচনে বিজেপির রাজ্য নেতাদের একশ শতাংশ আসনে জয়লাভ’-এর দাবিকেও কটাক্ষ করেন পিসিসি সভাপতি। আশীষ কুমার সাহার স্পষ্ট বক্তব্য, ভোটাররা যদি অবাধে ও শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তবে নির্বাচনের ফলাফল সম্পূর্ণ অন্যরকম হবে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর বৃষ্টি মাথায় নিয়েই এখন পুর ভোটের কাউন্টডাউন শুরু। একদিকে শাসকদলের শতভাগ জয়ের দাবি, অন্যদিকে ভোট লুটপাট রুখে শান্তিপূর্ণ ভোটের দাবিতে কংগ্রেসের সরব হওয়া—সব মিলিয়ে ২৭ নভেম্বরের আগে সরগরম রাজ্যের রাজনীতি।সর্ব্বোপরি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর বৃষ্টিতে প্রচারে বিঘ্ন ঘটলেও ভোটের উত্তাপ যে কমছে না, কংগ্রেসের আজকের সাংবাদিক সম্মেলনে তা ফের স্পষ্ট হলো।

